Tag

Beauty

Browsing

প্রশ্ন যখন মেদ কমানোর হয় তখন আমরা হরহামেশাই সেটার সাথে সময়ের একটা বিনুনি গেঁথে দিই। শরীরে মেদ এক বছর ধরে জমুক বা ১০ বছর, ‘ওয়েট লস’র সময় আমাদের চিন্তা থাকে কীভাবে এক মাস বা এক সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ কেজি শরীর থেকে ঝরানো যাবে। নানা রকম ডায়েট প্ল্যান, ঘরোয়া বা বাইরের এক্সারসাইজ সবই আমরা করি। কিন্তু তাও দেখা যায় দিনশেষে ওজনের সেরকম তারতম্য নেই। এইটার পেছনে একটা বড়ো কারণ হলো ওজন কমার পেছনের ‘সাইন্স’ সম্পর্কে ধারণা না থাকা। আজকে সেই সাইন্সটাই বুঝার চেষ্টা করবো আমরা।

এক কেজি ওজন কমাতে কত ক্যালরি বার্ন করতে হয়?

যারা ওজন কমাতে চান তাদের মধ্যে এই প্রশ্নটা আসাটা খুব স্বাভাবিক যে কতোটুকু ক্যালরি বার্ন করতে পারলে আমার ১ কেজি ওজন কমবে। তাহলে চলুন আগে একটু অংক কষে আসা যাক, এরপর প্রক্রিয়া জানা যাবে কীভাবে এই সংখ্যাগুলোকে আমরা বাস্তবে রূপ দিতে পারি।
এক কেজি ওজন কমানোর জন্য আমাদের মোটামুটি ৭৭০০ ক্যালরি কম গ্রহণ করতে হবে অথবা বার্ন করতে হবে। এর মানে হলো আপনি যদি এক সপ্তাহে একটি হেলদি ডায়েট ও কিছু এক্সারসাইজ ফলো করে এক কেজি ওজন কমাতে চান তাহলে আপনাকে টোটাল ৭৭০০ ক্যালরি ঘাটতিতে থাকতে হবে।

এক সপ্তাহে এক কেজি ওজন কি আসলেই কমানো সম্ভব?

প্রত্যেকের শরীরের গড়ন ও গঠন ভিন্ন, তবে সঠিক উপায়ে চললে খুব স্বাস্থ্যকরভাবেই এক সপ্তাহে এক কেজি ওজন আপনি কমাতে পারেন, এবং সেইটা ফ্যাট লস। শুধু আপনার শরীরের পানির পরিমাণ কমবে না।

ই পর্যায়ে একটু ফ্যাট লস এবং ওয়াটার লস নিয়ে কথা বলা জরুরী।

অনেক সময়-ই দেখবেন কোনো রোগের কারণ বা এক্সারসাইজ/ডায়েট শুরু করার প্রথম কয়েকদিনের মধ্যেই আপনার কয়েক কেজি ওজন হঠাৎ করেই কমে গেছে কিন্তু এরপর সেটা আটকে আছে। ধরুন, আপনি ৭০ কেজি ওজনে থাকা অবস্থায় ডায়েট শুরু করেছেন, প্রথম ১-২ সপ্তাহের মধ্যে আপনার হঠাৎ ওজন কয়েক কেজি কমে ৬৫ হয়ে গেল, কিন্তু এরপর আর ওজন কমছেই না, ৬৫তেই আটকে আছে। এই ঘটনাটা হলো ওয়াটার লস।

কিন্তু আপনি যখন ক্যালরি ঘাটতিতে আছেন (calorie deficeit), তখন ওজন খুব ধীরে ধীরে কমবে। কারণ আপনি কোনো ক্র্যাশ ডায়েট ফলো করছেন না। এবং এইটা টেকসই হবে কারণ আপনার অভ্যেসের মধ্যেই তখন আপনার ডায়েট চলে এসেছে। একইসাথে পুষ্টিরও কোনো কমতি নেই। তাই যদি আপনার খুব বিশেষ কোনো উপলক্ষ্য না থাকে তাহলে ক্র্যাশ ডায়েট না করে ফ্যাট লসের দিকে যাওয়া ভালো একটা উপায় হবে।

আবারও ফিরে আসি এক সপ্তাহে এক কেজি ওজন কমানোর সম্ভাবনা-তে। শারীরিক গড়ন বা গঠন আলাদা হলেও ফ্যাট লসের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর সবার জন্য সমান, এগুলো হলো-

  • শুরুর ওজন
  • অ্যাকটিভিটি লেভেল
  • পুষ্টির পরিমাণ
  • ঘুম
  • হরমোনাল ফ্ল্যাকচুয়েশন

এই ব্যাপারগুলোকে মাথায় রেখে যদি আপনার ডায়েট প্ল্যান এবং এক্সারসাইজ সাজান তাহলে সেক্ষেত্রে এক সপ্তাহে খুব স্বাস্থ্যকরভাবেই ৭৭০০ ক্যালরি বার্ন করা সম্ভব এবং এক কেজি ওজনও কমানো সম্ভব।

কীভাবে ওজন কমানোর সময়েও পুষ্টি নিশ্চিত করতে পারবেন?

ওজন কমানো মানে পুষ্টি কমানো না। এই বিষয়টা ওজন কমানোর সময় মাথায় রাখতে হবে খুব ভালোভাবে। নাহলে দেখা যাবে পুষ্টির অভাবে শরীর দূর্বল হয়ে যাচ্ছে, মানসিকভাবে সমস্যা হচ্ছে এবং কয়দিনের মধ্যেই আপনার ওজন কমানোর মিশন থেমে যাচ্ছে। কীভাবে নিশ্চিত করবেন পুষ্টির প্রাপ্যতা নিয়ে-

১. প্রচুর পানি পান করা

যদি হুট করে খিদে পায় আগে এক গ্লাস ভরে পানি পান করে নিন, অনেক সময় দেখা যায় এইটা শুধু তৃষ্ণা ছিলো। আধঘন্টা অপেক্ষা করার পরেও যদি ক্ষিদে পায়, একটু মৌসুমি ফল খেয়ে নিন।

২. ধীরে খান

গবেষণা বলছে খাওয়ার সময় যখন আমরা সময় নিয়ে চিবিয়ে পুরোটা খাই তখন মস্তিষ্ক সিগন্যাল পায় যে অনেক বেশি খাওয়া হয়েছে এবং পেট বেশিক্ষণ ভরা থাকে, যদিও আপনি হয়তো পরিমাণ বাড়াননি খাবারের!

৩. ফাইবার সমৃদ্ধ খাবার খান

ফাইবার বেশ কাজের একটা উপাদান যখন আপনি ওজন কমাতে চাচ্ছেন। ফাইবার অনেক সময় পর্যন্ত পেট ভরা রাখে এবং এতে ক্যালরি থাকে না। এর সাথে কোষ্ঠ্যকাঠিন্য সহ অনেক শারীরিক জটিলতার সমাধান দেয়। তো এক ঢিলে দুই পাখি মারতে চাইলে ফাইবারের পরিমাণ বাড়িয়ে নিন ডায়েটে।

৪. প্লেট সাইজ কমিয়ে নিয়ে আসুন

প্লেট বড় হলে মন চাইবেই একটু বেশি খেতে কারণ প্লেট ভরে খাবার না হলে আত্মিক শান্তিটা ঠিক আসে না, সারাদিন মনে হয় আবার ক্ষুধা লাগছে! কিন্তু ওজনও তো কমাতে হবে, কী করা যায়? প্লেটের সাইজ কমিয়ে নিন। বড় প্লেটের জায়গায় ছোটো প্লেটে খাবার খেলে প্লেট ভরেও খাওয়া হবে, মন ভরেও খাওয়া হবে আবার ওজনও কমে আসতে শুরু করবে।

৫. প্রোটিন বাড়িয়ে দিন খাবারে

প্রতিবেলার খাবারে কার্বোহাইড্রেট আর ফ্যাট কমিয়ে দিয়ে বাড়িয়ে দিন প্রোটিনের পরিমাণ। এতে করে আপনার সুবিধা দুই দিক থেকে। প্রোটিন আমাদের শরীরের বিল্ডিং ব্লক, তাই প্রোটিন কিছুটা বেশি খেলেও শরীরের জন্য কোনো ক্ষতি নেই। আর প্রোটিন আপনাকে অনেক সময় পর্যন্ত ‘পেটভর্তি আছে’ এমন অনুভূতি দেয়। তাই অস্বাস্থ্যকর আর চিনিতে ভরা স্ন্যাক্স খাওয়ার ইচ্ছেও কমে যায়।

যতো কৌশলই থাকুক না কেনো দিনশেষে ওজন কমাতে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে আপনার নিজের ইচ্ছে এবং ধারাবাহিকতা। এই দুটো যত বেশি জিইয়ে থাকবে, ওজনও তত দ্রুত কমবে এবং আপনার নিজের আত্মবিশ্বাসও বাড়বে। তাই ডায়েট, এক্সারসাইজ সবকিছুর সাথে নিজের মনের যত্নটাও জরুরী!

আজকাল পেটের মেদ প্রায় সবার জন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পেটের মেদ কমাতে অনেকেই জিম করা, হাঁটা, সাঁতার কিংবা অনেক দামি কোনও ওষুধও ব্যবহার করছেন । কিন্তু দিন শেষে হয়তো হতাশ হওয়া ছাড়া তেমন কোনও ফলাফল পাচ্ছেন না।

সকালে উঠে প্যান্ট টাইট লাগে, আয়নায় নিজের দিকে তাকিয়ে মন খারাপ হয়—এই দৃশ্যটা অনেকেরই পরিচিত। পেটের মেদ কমাতে নানা পদের নিয়ম কানুন শুনে অনেকে হাঁপিয়ে ওঠেন। কিন্তু বাস্তব হলো, পেটের মেদ কমাতে সবচেয়ে বড় ধাপ শুরু হয় আমাদের প্লেট থেকেই। মানে, কী খাচ্ছি আর কী খাচ্ছি না, সেটাই আসল চাবিকাঠি।

চলুন জেনে নিই এমন ৬টি খাবারের কথা, যেগুলো আজ থেকেই বাদ দিলে আপনি সহজেই পেটের মেদ কমাতে পারবেন।

পেটের মেদ কমাতে যে খাবারগুলো বাদ দেবেন

১. কোমল পানীয়

এইসব পানীয় দেখতে রঙিন, খেতে মজাদার, কিন্তু ভেতরে থাকে মারাত্মক পরিমাণে লুকানো চিনি। এক ক্যান কোমল পানীয় মানেই শরীরে ঢুকছে একগাদা ফাঁকা ক্যালোরি, যা সরাসরি গিয়ে পেটের মেদ হিসেবে জমে। নিয়মিত এগুলো খেলে আপনি যতই হাঁটুন বা ব্যায়াম করুন, তেমন কোনও লাভ হবে না।

২. সাদা পাউরুটি ও ময়দা জাতীয় খাবার

সাদা পাউরুটি বা ময়দা দিয়ে বানানো নানরুটি, কেক, বিস্কুট—সবই খুব পরিচিত খাবার। কিন্তু এগুলোতে ফাইবার বা পুষ্টিগুণ প্রায় নেই বললেই চলে। খাওয়ার পরপরই রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দেয়, ফলে ক্ষুধা দ্রুত ফিরে আসে। দিন শেষে খাওয়া বেড়ে যায়, আর পেটে চর্বি জমে।

৩. ভাজাভুজি খাবার (চিপস, ফ্রাইড চিকেন, নাগেটস)

একটু অবসর পেলেই মুখ চলে যায় চিপস বা ফ্রাইড কিছু খুঁজতে। এগুলোতে থাকে ট্রান্স ফ্যাট, অতিরিক্ত তেল ও ক্যালোরি—যা সরাসরি পেটের মেদ বাড়িয়ে দেয়। যদি একেবারে ছাড়তে না পারেন, তাহলে অন্তত বেকড বা এয়ার ফ্রাইড ভার্সন বেছে নিন।

৪. অ্যালকোহল

অনেকে ভাবেন একটু একটু খেলে ক্ষতি নেই। কিন্তু অ্যালকোহল শরীরের মেটাবলিজম কমিয়ে দেয়, মানে যেটুকু খাবার খাচ্ছেন সেটাও শরীর ঠিকমতো পাচন করতে পারে না। উপরন্তু, অ্যালকোহল ক্ষুধা বাড়ায়—আর সেই সুযোগে আবারও অতিরিক্ত খাওয়া হয়ে যায়, যা পেটে চর্বি জমায়।

৫. প্রক্রিয়াজাত মাংস (সসেজ, বেকন, হ্যাম)

এইসব মাংসে থাকে অতিরিক্ত সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। পেট ফুলে যায়, ফ্যাট জমে, আর দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। তাই হ্যাম স্যান্ডউইচের বদলে ঘরেই রান্না করা ফ্রেশ মাংস বেছে নিন।

৬. প্যাকেটজাত স্ন্যাকস ও মিষ্টি খাবার

কুকিজ, পেস্ট্রি এসব—দেখতেই মন ভালো হয়ে যায়, কিন্তু এগুলোর ভেতরে থাকে ট্রান্স ফ্যাট, চিনি, আর একগাদা প্রিজারভেটিভ। এইসব খাবার বেশি খেলে শরীরে ক্যালোরি যুক্ত হয় আর সেই অতিরিক্ত ক্যালোরিই গিয়ে পেটে জমা হয় মেদ হিসেবে।

শেষ কথা

পেটের মেদ কমাতে চাইলে প্রথমেই চাই খাবার নিয়ে সচেতনতা। ব্যায়াম তো আছেই, কিন্তু তার আগে দরকার—খাদ্য তালিকায় পরিবর্তন। আজ থেকেই যদি এই ৬টা খাবার বাদ দেন, তবেই আপনি বুঝবেন পেট ধীরে ধীরে হালকা হচ্ছে। সাথে প্রচুর পানি খান, ঘুম ঠিক রাখুন, আর হালকা হাঁটা শুরু করুন; দেখবেন নিজেকে ভালোবাসছেন আরো বেশি।

এর ব্যাথার পোশাকি নাম- Plantar fasciitis pain বা প্ল্যান্টার ফ্যাসিটিস। গোড়ালির বাঁকা ধনুকের মতো অংশে ‘প্ল্যান্টার ফ্যাসিয়া’ নামের মোটা টিস্যু ছিঁড়ে যাওয়ায় এই যন্ত্রণা হয়। অনেকের ক্ষেত্রে পায়ে সুঁচ ফোটার মতো ব্যাথা, অনেকের ক্ষেত্রে জ্বালা ভাব আবার কারও কারও মধ্যে প্রচণ্ড যন্ত্রণা এই রোগের মূল উপসর্গ।

Plantar Fasciitis Breakthrough: ঘুম থেকে উঠে মাটিতে পা রাখলেই গোড়ালিতে অসহ্য যন্ত্রণা? অপারেশন ছাড়াই এই উপায়ে কষ্ট কমবে

ঘুম থেকে উঠলেই গোড়ালিতে অসহ্য যন্ত্রণা? খাট থেকে নেমে মাটিতে পা রাখলেই গোড়ালি ব্যাথায় ঝনঝন করে উঠছে? মাটিতে খালি পায়ে নামতেই ভয় করছে? যদি হয়, তাহলে জেনে রাখুন এটা শুধু আপনার নয়, এখন বিশ্বজনীন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত মধ্যবয়স্কদের মধ্যে এই সমস্যা এখন খুব ‘কমন’ হয়ে দাঁড়িয়েছে। ৪০ থেকে ৬০ বছরের মধ্যে প্রতি দশজনের মধ্যে একজন এখন পায়ের এই ব্যাথায় ভুগছেন। এর ব্যাথার পোশাকি নাম- Plantar fasciitis pain বা প্ল্যান্টার ফ্যাসিটিস

PlantarFasciitis

গোড়ালির বাঁকা ধনুকের মতো অংশে ‘প্ল্যান্টার ফ্যাসিয়া’ নামের মোটা টিস্যু ছিঁড়ে যাওয়ায় এই যন্ত্রণা হয়। অনেকের ক্ষেত্রে পায়ে সুঁচ ফোটার মতো ব্যাথা, অনেকের ক্ষেত্রে জ্বালা ভাব আবার কারও কারও মধ্যে প্রচণ্ড যন্ত্রণা এই রোগের মূল উপসর্গ। চিকিত্সকেরা বলছেন, গোড়ালির এই যন্ত্রণার মূল কারণ, ‘হার্ড সারফেস’ বা শক্ত মেঝেতে বেশিক্ষণ হাঁটাচলা, অবৈজ্ঞানিক জুতো পরা ও অতিরিক্ত ওজন। এই ব্যাথা কয়েক মাস এমনকী কয়েক বছর পর্যন্ত থাকতে পারে। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, অপারেশন ছাড়াও এই রোগ নিরাময়ের উপায় রয়েছে। লাইফস্টাইলে কয়েকটি সহজ বদল আনলেই এই ব্যাথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চিকিৎসকেরা বলছেন, সবার আগে এই যন্ত্রণার কারণ খুঁজে বার করা জরুরি। যেমন একটানা রোজ অনেকটা হাঁটা, অতিরিক্ত ভারী যন্ত্রপাতির সাহায্যে দীর্ঘক্ষণ ব্যায়াম করা, অতিরিক্ত ওজন বহন করা বা রোজ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে গোড়ালিতে দীর্ঘস্থায়ী এইরকম ব্যাথা হতে পারে। এই ব্যাথার শুরুটাই হয় সকালবেলা। ঘুম থেকে উঠে মাটিতে পা ফেললেই বা বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ উঠে দাঁড়ালে যন্ত্রণা শুরু হয়ে যায়। ম্যারাথনের প্রশিক্ষণ নেওয়ার সময় বা ওবেসিটি হলে ওজন বেড়ে যাওয়ায় অনেকের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে।

মহিলাদের মধ্যে এই ব্যাথা তৈরি হওয়ার কারণ হরমোনাল পরিবর্তনও হতে পারে। বিশেষত মেনোপজের সময়। পায়ের টিস্যুতে জ্বালাভাব বা ছিঁড়ে গিয়ে যন্ত্রণা অনুভব হতে পারে। চিকিৎসকেরা সতর্ক করেছেন, গরমকালে খোলামেলা হওয়ায় কম দামের অবৈজ্ঞানিক ফ্লিপ-ফ্লপ, স্যান্ডেলস পরলেও এই ধরণের যন্ত্রণা হতে পারে।

এবার আসা যাক কীভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। বিশেষজ্ঞদের পরামর্শ–

১. গোড়ালির নিচে নরম রবারের বল রেখে হালকা চাপ দিয়ে গোড়ালিতে ব্যাথার জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ নেওয়া। এটাই সবচেয়ে সহজ ও বৈজ্ঞানিক উপায়। তবে এর পাশাপাশি

PlantarFasciitis

২. ওজন কমাতেই হবে।

৩. গোড়ালিতে ব্যাথার ঠিক নিচে বরফ রেখে ১০-১৫ মিনিট ম্যাসাজ নেওয়া।

৪. একটানা হাঁটা, ব্যায়াম বা দাঁড়িয়ে থাকা যাবে না।

৫. জুতো পরতে হবে নরম, হিলের জায়গায় প্যাডেড সাপোর্ট দেওয়া।

৬. অবৈজ্ঞানিকভাবে তৈরি জুতো পরা যাবে না।

৭. ব্যাথা বেশি হলে পেন রিলিফ লাগানো।

৮. সকালে উঠে পা টানটান করে কিছক্ষন স্ট্রেচ করা।

৯. খালি পায়ে হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

ল্যানসেটের ‘গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি’-তে প্রকাশিত, গত ১০ বছর ধরে মানুষের রোগভোগের প্রকৃতি পাল্টেছে। যার অন্যতম বড় কারণ, বায়ুদূষণ, ধূমপান, উচ্চ রক্তচাপ। তবে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি দাঁড়িয়ে ‘হাই ব্লাড সুগার’ ও ‘ওবেসিটি’ -তে আক্রান্তরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সব রোগ বাড়তে বাড়তে এমন পরিস্থিতিতে পৌঁছবে, যে প্রতিরোধের ব্যবস্থা না করলে পৃথিবীর বুক থেকে আস্ত একটা ‘জেনারেশন’কেই মুছে দিতে পারে।

মোটা হওয়ার ‘রোগ’ বিশ্বজুড়ে। স্থূলতা বা ‘ওবেসিটি’ দ্রুত হারে বাড়ছে। অধিকাংশ রোগভোগেরই অন্যতম মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মেদবৃদ্ধি। অবিলম্বে বাড়তি মেদ কমাতে না পারলে সেটা মহামারীর পর্যায়ে পৌঁছতে আর দেরি নেই। কোনও একটা বা দুটো দেশের এই সমস্যা না। উন্নত থেকে উন্নয়নশীল – সর্বত্রই এই একই রোগ আজ মাথা তুলছে। সম্প্রতি ল্যানসেটে প্রকাশিত এক গবেষণার ফলাফলে এমনটাই প্রকাশিত হয়েছে, যা দেখে উদ্বিগ্ন বিশেষজ্ঞ থেকে চিকিৎসক মহল-ও।

OBESITY

ল্যানসেটের ‘গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি’-তে প্রকাশিত, গত ১০ বছর ধরে মানুষের রোগভোগের প্রকৃতি পাল্টেছে। যার অন্যতম বড় কারণ, বায়ুদূষণ, ধূমপান, উচ্চ রক্তচাপ। তবে সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি দাঁড়িয়ে ‘হাই ব্লাড সুগার’ ও ‘ওবেসিটি’ -তে আক্রান্তরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সব রোগ বাড়তে বাড়তে এমন পরিস্থিতিতে পৌঁছবে, যে প্রতিরোধের ব্যবস্থা না করলে পৃথিবীর বুক থেকে আস্ত একটা ‘জেনারেশন’কেই মুছে দিতে পারে।

ল্যানসেটে প্রকাশিত পরিসংখ্যান বলছে-

  • চিকিৎসাবিজ্ঞানের প্রভূত উন্নতি সত্ত্বেও গত ১০ বছরে রোগে ভুগে মৃতের সংখ্যা বেড়েছে ১১%।
  • হাই কোলেস্টেরল ও হাই ব্লাড প্রেশারে ভুগে মারা যাওয়ার প্রবণতা বেড়েছে ১৫%
  • হাই ব্লাড সুগার সংক্রান্ত রোগে ভুগে মৃতের সংখ্যা বেড়েছে ৬%OBESITY

বিশেষজ্ঞরা অবশ্য এই পরিসংখ্যানের জন্য মানুষের ব্যস্ত লাইফ-স্টাইলকেই দায়ী করছেন। তাঁদের মতে গত ৫০ বছরে কোনও দেশের সরকার বা স্বাস্থ্য দফতর ‘ওবেসিটি’ বা মোটা হওয়ার প্রবণতা কমাতে তেমন কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করেনি। তাঁরা বলছেন, ‘হেলান দিয়ে বসে থাকা, প্রসেসড খাবার বেশি খাওয়া ও ক্যালরি না মেপে খাওয়া– এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সঙ্গে জুড়েছে বেশি নুন, বেশি মিষ্টি ও বেশি ট্রান্স-ফ্যাট দেওয়া খাবার খাওয়ার প্রবণতাও।’ বিশ্বজুড়েই এই প্রবণতার বাড়বাড়ন্ত দেখতে পাওয়া গেছে। বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে কোল্ড ড্রিঙ্কসের মতো বেশি চিনি দেওয়া তরল পানীয়, বার্গার-স্যান্ডউইচের মতো প্রসেসড মাংস দেওয়া খাবার বেশি করে খাওয়ার প্রবণতা এতটাই বেড়েছে যে আজ সেটা রীতিমমতো আশংকার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বৈজ্ঞানিকরা দেখিয়েছেন, হাই ব্লাড প্রেশারের কারণে হৃদরোগের সমস্যা ও স্ট্রোক হওয়ার প্রবণতা চড়চড় করে বাড়ছে। আজ বিশ্বজুড়ে যে তিনটি রোগে মানুষ সবচেয়ে বেশি মারা যাচ্ছেন, হৃদরোগ তার মধ্যে দ্বিতীয় স্থানে। বেড়েছে ধূমপান ও দূষণের কারণে রোগে ভুগে মৃত্যুর হারও। ল্যানসেটের সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে, কোভিড মহামারীর পর ডিপ্রেশন ও উৎকণ্ঠা-উদ্বেগে (anxiety) আক্রান্তদের সংখ্যাও প্রবল হারে বেড়েছে। আগে কখনও এমন ভয়াবহ পরিসংখ্যান কোনও গবেষণায় ধরা পড়েনি।

OBESITY

তবে রোগে আক্রান্তদের সংখ্যার বিচারে এগিয়ে ‘ওবেসিটি’ বা মেদবৃদ্ধি। আজ বিশ্বের মোট জনসংখ্যার প্রতি ৮ জনের মধ্যে একজন ওবেসিটি-তে আক্রান্ত। এই রোগে গতবছরই আক্রান্তের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। উদ্বেগের বিষয় হল, এই রোগ ছোট-বড় মানে না। কৈশোর পেরোনোর আগেই প্রায় ১৬ কোটি শিশু এই রোগে আজ আক্রান্ত। বাকি প্রায় ৯০ কোটি প্রাপ্তবয়স্কর ওজন তাঁদের উচ্চতার সঙ্গে এতটাই খাপছাড়া ভাবে বেশি যে তাঁরা ‘ওবেস’ বা অতিরিক্ত মোটা।

পরিসংখ্যান বলছে,

  • ১৯৯০ থেকে ২০২২-এর মধ্যে ছোটদের মধ্যে প্রতিবছর ওবেসিটি বেড়েছে চারগুণ হারে
  • বড়দের মধ্যে প্রতি বছর দ্বিগুণ হারে।
  • শুধু ব্রিটেনেই প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ স্থূলতায় আক্রান্ত।
  • ৮০ লক্ষ মহিলা ওবেসিটিতে আক্রান্ত।
  • পুরুষদের মধ্যে সংখ্যাটা প্রায় ৭৫ লক্ষ।
  • ব্রিটেনে প্রায় সাড়ে ৭ লক্ষ কিশোর অতিরিক্ত মোটা।
  • কিশোরীদের মধ্যে প্রায় ৬ লক্ষ ওবেসিটি ধরা পড়েছে।

বাচ্চাদের খুব কমন একটি সমস্যা ‘কোষ্ঠকাঠিন্য’। বাচ্চাকে নিয়ে এই সমস্যায় পড়েনি এমন মা-বাবা খুঁজে পাওয়া কঠিন। সপ্তাহে তিনবারের বেশি টয়লেট না হওয়া বা টয়লেট করার সময় শিশু যদি ব্যথা পায় ও কষ্ট অনুভব করে, তাহলে শিশুটি কোষ্ঠকাঠিন্যে ভুগছে বলে ধরে নেওয়া হয়। সাধারণত তিন থেকে পাঁচ বছরের শিশুদের কোষ্ঠকাঠিন্য হতে বেশি দেখা যায়। কিন্তু এর থেকে ছোট শিশুদেরও এই সমস্যা হতে পারে। চলুন একজন শিশুরোগ বিশেষজ্ঞ এর কাছ থেকে জেনে নেই বাচ্চাদের কন্সটিপেশনের সমস্যা কেন হয় এবং এক্ষেত্রে বাবা-মায়ের করণীয় কী।

কারণ

১.খাওয়া-দাওয়া ঠিকমতো না হওয়া

শিশুকে কৌটার দুধ খাওয়ালে এবং তা সঠিক পদ্ধতিতে তৈরি করতে না পারলে শিশুর কোষ্ঠকাঠিন্য হয়। অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবে মায়েরা শিশুকে খুব পাতলা করে দুধ তৈরি করে খাওয়ান। কিন্তু দুধ পাতলা করে তৈরি করলে তাতে পর্যাপ্ত খাদ্যসার থাকে না, ফলে শিশুর মল তৈরি হতে পারে না। এছাড়া যেসব শিশু দুধ ছাড়া অন্যান্য খাবার খাওয়া শুরু করেছে, তাদের খাবারে আঁশের (ফাইবার) পরিমাণ পর্যাপ্ত না থাকলে কোষ্ঠকাঠিন্য হবে। শাকসবজি, ফলমূল এসব খাবার কম খাওয়া বা একদমই না খাওয়ার কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে।

২. কম পানি খাওয়া

শিশুকে পরিমাণের তুলনায় পানি কম খাওয়ালে সে কোষ্ঠকাঠিন্যে ভুগবে। পানি কম খেলে শরীর পানিশূন্য হয়ে যাওয়া স্বাভাবিক।

অভ্যাস না করানো

শিশুকে সময়মতো প্রতিদিন টয়লেটের অভ্যাস করানো ভালো। কেননা অনিয়মিতভাবে পটি করালে বা অভ্যাস না করালে সহজেই শিশুর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে।

৪. ভীতি

একবার কোনো শিশুর কোষ্ঠকাঠিন্য হলে টয়লেট করার ব্যাপারে তার মনে এক ধরনের ভীতির জন্ম নেয়। সে ভাবে, পটি করতে গেলে বুঝি আবার কষ্ট হবে। এটা চিন্তা করে সে মল চেপে রাখার চেষ্টা করে। এর ফলে কন্সটিপেশন হয়ে যায়।

৫. অসুখ-বিসুখ

কিছু কিছু অসুখ-বিসুখের ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে-

  • মলদ্বারে ফিশার বা ক্ষত
  • মলদ্বারের বা মলনালীর অস্বাভাবিক গঠন
  • অন্ত্রের আবদ্ধতা
  • হার্সপ্রাং ডিজিজ
  • থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা হ্রাস প্রভৃতি

৬. ওষুধপত্র

কিছু কিছু ওষুধ ব্যবহারের ফলে কোষ্ঠকাঠিন্য হয়। যেমন- অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, পেটব্যথার ওষুধ প্রভৃতি। এছাড়া কোষ্ঠকাঠিন্যের জন্য শিশুকে বারবার পারগেটিভ জাতীয় ওষুধ দিয়ে টয়লেট করালে শিশু এর প্রতি স্বাভাবিকভাবেই নির্ভরশীল হয়ে পড়ে। তখন কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে।

শিশুদের কোষ্ঠকাঠিন্য এর লক্ষণ

  • পটি করার সময় কষ্ট অনুভূত হওয়া
  • কান্নাকাটি করা
  • শক্ত বা অল্প পরিমাণে মলত্যাগ হওয়া
  • পেটে ব্যথা বা পেট ফুলে থাকা
  • বমি বমি ভাব
  • রক্ত যাওয়া
  • খাওয়ার রুচি কমে যাওয়া

করণীয়

  • জন্মের পর পূর্ণ ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে
  • যদি ফর্মুলা মিল্ক খাওয়ান, তাহলে সঠিক প্রণালীতে তৈরি করে খাওয়াতে হবে
  • ছয় মাস পর বুকের দুধের পাশাপাশি বাচ্চার পরিপূরক খাবারে পর্যাপ্ত ফাইবার ও পানি যেন থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে
  • এক বছর বয়সের পর থেকে বাচ্চাকে সকালে খালি পেটে পানি দিতে হবে ও নাস্তার আগে অবশ্যই পটি ট্রেনিং করাতে হবে
  • বাচ্চার প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, পানি আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে
  • বাচ্চাদের অবশ্যই প্রতিদিন অন্তত এক ঘণ্টা খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে
  • ঘরোয়া ব্যায়াম ও নিজের কাজ গোছানোর মতো বিষয়গুলোতেও অভ্যাস করানো জরুরি, এতে কায়িক পরিশ্রম হবে, হজমশক্তি বাড়বে এবং পেট পরিষ্কার থাকবে
  • বাইরের জাংক ফুড ও বেশি পরিমাণে রেড মিট না খাওয়ানোই ভালো
  • সেই সাথে শিশুর মানসিক প্রশান্তি নিশ্চিত করতে হবে

শিশুদের কোষ্ঠকাঠিন্য গুরুতর হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মা-বাবা একটু সচেতন হলেই শিশুর এই অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

আমাদের দেশে বাচ্চাদের কৃমির সংক্রমণ খুব কমন একটি বিষয়। কৃমি শুধু বাসার ছোটদের নয়, বড়দেরও হতে পারে। অনেকের ধারনা চিনি বা গুড় খেলে কৃমি হয়, এ ধারণা ভুল। কৃমির সংক্রমণের অন্যতম প্রধান কারণ হলো অপরিচ্ছন্ন থাকা। ছোট বাচ্চাদের বেশি সংক্রমণ করে সুতাকৃমি। এছাড়াও বক্র কৃমি, গোল কৃমি, হুইপ ওয়ার্ম আমাদের দেশে কমন। শিশুরোগ বিশেষজ্ঞ এর কাছ থেকে বিস্তারিত জানবো আজ। চলুন আগে জেনে নেই কী কী উপসর্গ দেখা দিতে পারে।

লক্ষণ

সাধারণত কৃমির সংক্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হয় না। তবে সংক্রমণ বেশি হলে যেসব উপসর্গ পরিলক্ষিত হয়, সেগুলো হলো-

  • ওজন কমে যাওয়া
  • পেটে ব্যথা হওয়া
  • বমি বমি ভাব হওয়া
  • খিটখিটে আচরণ বেড়ে যাওয়া
  • মলদ্বারে চুলকানি হওয়া
  • চুলকানির কারণে ঘুম কমে যাওয়া
  • স্টুলের সাথে রক্ত যাওয়া
  • মেয়ে বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশন হওয়া, প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া এবং প্রস্রাবের সময় ব্যথা হওয়া
  • অন্ত্রে ক্ষত সৃষ্টি করে রক্তপাত করা এবং রক্তশূন্যতা দেখা দেয়া
  • খাবারের রুচি চলে যাওয়া, খাওয়া কমে যাওয়া
  • খাবার হজম না হওয়াতে ডায়রিয়া হওয়া
  • খাওয়ার জিনিস নয় সেসব খেতে চাওয়ার আগ্রহ (যেমন মাটি)

বাচ্চাদের কৃমির সংক্রমণ ও জটিলতা

১) অন্ত্রে কৃমি বেড়ে যেয়ে জমাট বেধে বাওয়াল অবস্ট্রাকশন বা টয়লেটের রাস্তা বন্ধ হয়ে যাওয়া।

২) কৃমি পিত্তথলিতে বা লিভারে চলে যেয়ে ইনফেকশন বা প্রদাহ সৃষ্টি করা।

বেশি পরিমাণে সংক্রমণ হলে এই ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। তবে মনে রাখবেন, কৃমির সংক্রমণ যদি কম থাকে তবে এসব লক্ষণ নাও থাকতে পারে।

কীভাবে বাচ্চা কৃমিতে আক্রান্ত হতে পারে?

দূষিত মাটি, পানি থেকে মানুষ কৃমিতে আক্রান্ত হয় বেশি। বাজার থেকে আনা শাক-সবজি, মাছ, মাংস ঠিকভাবে না ধুয়ে খেলে বা অর্ধ সিদ্ধ খাবার খেলে কৃমির সংক্রমণ হতে পার। সাধারণত মাটি বা পানি থেকে কৃমির ডিম বা লার্ভা বাচ্চা বা বড় মানুষের হাত বা পায়ে লেগে যায়। কিছু সময় এসব লার্ভা হাত থেকে মুখের মাধ্যমে অন্ত্র চলে যায়। কিছু ক্ষেত্রে এসব লার্ভা স্কিনভেদ করে শরীরে প্রবেশ করে।

সংক্রমণ রোধে কী ব্যবস্থা নিবেন?

  • নখ বড় রাখা যাবে না
  • মাটিতে খেলা পরিহার করুন
  • বাসার গৃহপরিচারিকার পরিচ্ছন্নতা নিশ্চিত করুন
  • ২-৩ দিন পর পর জীবানুনাশক দিয়ে বাসার ফ্লোর পরিষ্কার করা উচিত
  • শিশুকে খালি পায়ে না রাখা ভালো
  • শিশু যেন ময়লা অবর্জনা হাত না দেয় সেদিকে লক্ষ্য রাখুন
  • খাবার আগে এবং টয়লেটের পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন
  • পানি ফুটিয়ে বা ফিল্টার করে ব্যবহার করুন
  • ডা: দেখিয়ে নিয়মমতো মেডিসিন খাওয়াতে হবে
  • কোন বয়স থেকে, কত মাস পর পর মেডিসিন খাওয়াতে হবে, সেটা শিশুরোগ বিশেষজ্ঞ এর কাছ থেকে জেনে নিতে পারেন

কিছু সতর্কতা ও আমাদের করণীয়

যেহেতু কৃম‌ির সংক্রমণের অন্যতম কারণ হলো অপরিচ্ছন্ন থাকা, স্বাস্থ্যবিধি মেনে না চলা; তাই সেদিকে খেয়াল রাখুন। আগেই জানিয়েছি, কৃমির ডিম ও লার্ভা মাটি থেকে আমাদের হাতে যেতে পারে, পরে সেটি মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। টয়লেট ব্যবহারের পর এবং খাওয়ার আগে শিশুর হাত সাবান দিয়ে ধোয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। এই বিষয়গুলো মেনে চললেই সুস্থতা নিশ্চিত করা যায়। কিছুক্ষেত্রে কৃমি পায়ের পাতায় লেগে যায়, তাই শিশুকে নোংরা মাটিতে খালি পায়ে হাঁটতে না দেওয়াই উচিত। কৃমি একজনের কাছ থেকে অন্যজনের কাছে ছড়ায়, তাই পরিবারের সকলে একসাথে কৃমির মেডিসিন খাওয়া উচিত।

সেই সাথে, শিশুর খাবার প্রস্তুতকারী ও পরিচর্যাকারীর পরিচ্ছন্নতা জরুরি। আজ তাহলে এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।

শিশুর ডায়াপার র‍্যাশ প্রতিরোধে করণীয় কী, তা নিয়ে আজ বিস্তারিত জানাবেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা: তাজরিনা রহমান জেনি।

সবাই কেমন আছেন? আজ খুব কমন একটি বিষয় নিয়ে লিখছি যেটা নিয়ে মায়েদের অনেক প্রশ্ন থাকে। মায়েরা এখন জন্মের পর থেকেই ডায়াপার পরিয়ে রাখেন বাচ্চাকে। ডায়াপার ব্যবহারের কারণে কোনো কোনো শিশুর একেবারেই সমস্যা হয় না। আবার অনেকেরই র‍্যাশ ওঠে, ত্বক লালচে হয়ে যায়। সবার ত্বক এক রকম নয়। কারো কারো ত্বক সেনসিটিভ থাকে। যাদের ত্বক সেনসিটিভ, তাদের ডায়াপার র‍্যাশ বেশি হয়। ডায়াপারে ঢাকা অংশটুকু কখনো লাল, ফোলা ফোলা বা দানাদার দেখা গেলে এবং সেখানে ছোঁয়া লাগলে ব্যথায় শিশু কেঁদে উঠলে বুঝতে হবে ডায়াপার র‍্যাশ হয়েছে। নিয়মিত শিশুর এই এরিয়া পরিষ্কার করা হলে ৩/৪ দিনের মাঝেই র‍্যাশ দূর হয়ে যায়। তবে যদি এরকম হয় র‍্যাশের স্থানে সংক্রমণ, ক্ষত, পুঁজ দেখা যায় এবং দেহে জ্বর থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামশ নিন।

শিশুর ডায়াপার র‍্যাশ কীভাবে প্রতিরোধ করা যায়?

১) উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন এবং আরামদায়ক ডায়াপার ব্যবহার করুন যা ওভারফ্লো বা লিকেজ হতে দেবে না এবং বাচ্চার র‍্যাশ হবার প্রবণতা কমাবে।

২) প্রতিবার ডায়াপার পরিবর্তন করে নতুন ডায়াপার পরানোর আগে শরীরের সে অংশটি মুছে নিন।

৩) পেট্রোলিয়াম জেলি, পেট্রোলিয়াম অয়েন্টমেন্ট ব্যবহার করুন। যাদের ত্বক তৈলাক্ত, তারা পাউডারও ব্যবহার করতে পারেন।

৪) সঠিক সাইজের ডায়াপার ব্যবহার করুন যাতে বাচ্চার শরীরে অনেক টাইট হয়ে লেগে না থাকে।

৫) র‍্যাশ থাকা অবস্থায় শিশুকে ডায়াপার ছাড়াই ঘুমাতে দিন।

৬) যে খাবারগুলো খেলে আপনার শিশুর ত্বকে অ্যালার্জি হয়, সেগুলো ওকে খাওয়াবেন না। কারণ ত্বক সংবেদনশীল হয়ে পড়লে ডায়াপার র‍্যাশ হবার প্রবণতা বেড়ে যায়।

বাড়তি কিছু টিপস

১) ৬-৮ ঘন্টার মাঝে ডায়াপার পাল্টানো উচিত। বাচ্চা যদি পটি করে, তাহলে তা যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে দিতে হবে এবং সেক্ষেত্রে সময় কোনো ফ্যাক্টর নয়।

২) টাইট ডায়াপার পরানোর জন্য যদি আপনার শিশুর পায়ের ও কোমরের আশেপাশে দাগ দেখতে পান, তাহলে পরের বার একটু ঢিলেঢালা ডায়পার পরাতে হবে।

৩) শিশুর ডায়াপার পরানোর জায়গায়, পায়ে ও কোমরে যদি ফুসকুড়ি দেখতে পান, তাহলে যে ব্র্যান্ডের ডায়াপারটি পরাচ্ছেন তা বদলে ফেলুন।

৪) শিশুর নাভির নাড়ীটি যদি এখনও পরে না যেয়ে থাকে তাহলে সেই স্থানটি শুকনো রাখতে ডায়াপারের কোমরের কাছের অংশটি ভাজঁ করে রাখুন। নাড়ী পরে যাবার কিছুদিন পর র্পযন্ত এমনটি চালিয়ে যান।

৫) শিশুকে সবসময় সামনে থেকে পেছনদিকে মোছাতে হয় (কখনই পেছন থেকে সামনের দিকে মোছাবেন না বিশেষ করে কন্যা শিশুর ক্ষেত্রে, অন্যথায় ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে যা ইউরিনারি ইনফেকশন ঘটাতে পারে )

৬) আপনার শিশুর পায়ের গোড়ালি ধরে উপরে দিকটি ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তার হাঁটু ও নিতম্বের ভাঁজগুলোও পরিষ্কার করতে হবে।

৭) জীবাণু যাতে ছড়াতে না পারে সেজন্য শিশুর ডায়াপার বদলাবার পর ভালো করে হাত ধুয়ে নিতে হবে।

কোন বয়স থেকে শিশুকে ডায়াপার পরানো যাবে?

জন্মের পর থেকেই দেওয়া যাবে। সেক্ষেত্রে সঠিক সাইজের আরামদায়ক ডায়াপার বেছে নিন। কিন্তু রুমের হিউমিডিটি ও তাপমাত্রা খেয়াল করুন। কারণ গরম পরলে র‍্যাশ বেশি হওয়ার চান্স থাকে।

এতে কোমর সরু হতে পারে কি?

বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। অতিরিক্ত টাইট ডায়াপার সব সময় পরালে হতে পারে, কিন্তু গবেষণা চলছে এই বিষয়ে।

তাহলে আজ আমরা শিশুর ডায়াপার র‍্যাশ নিয়ে বেশ কিছু তথ্য জানলাম। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন।

বাঙালি হিসেবে জন্ম থেকেই আমরা ভোজনরসিক! একটা ছুটির দিন বা একটা উৎসব পেলেই হলো, হাজারটা আইটেমের লিস্ট তৈরি হয়ে যায় মাথায়। কিন্তু শুধু পেট আর মন ভরলে আর কি হবে, ওদিকে পকেট তো ফাঁকা হয়ে যায়! এই রোগ ঐ রোগের জন্য ওষুধ কিনতে কিনতে অবস্থা হয়ে যায় আরো ভঙ্গুর! এর থেকে বাঁচার আর প্রিয় শরীরটাকে বাড়তি ওজন নামের দানবটার থেকে বাঁচানোর তাহলে উপায় কী? খুব সোজা, ইন্টারমিটেন্ট ফাস্টিং! ঘড়ি ধরে ওজন কমানোর সহজ এই উপায়টি সম্পর্কেই জানাবো আজ।

ইন্টারমিটেন্ট ফাস্টিং কী? 

ইন্টারমিটেন্ট ফাস্টিং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তবে তার আগে চলুন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস জেনে নেই এই সম্পর্কে। ২০১৯ সালে ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা শব্দগুলোর মধ্যে বেশ উপরের দিকেই জায়গা করে নিয়েছিলো এই শব্দটি। কী পরিমাণ সাড়া পড়েছিল তাহলে বুঝতেই পারছেন! তবে ২০১৯ সালের আরো আগে থেকেই এই নিয়ে কথা চলছিলো। ইংল্যান্ডের জার্নাল অব মেডিসিন এ নিয়ে একটা গবেষণাপত্রই বানিয়ে ফেললো শুধু একটা ডায়েট স্টাইলের উপর ভিত্তি করে। এছাড়াও ২০১২ সালে বিবিসি-তে একটি প্রোগ্রাম হতো, যার নাম ছিলো ‘Eat Fast, Live Longer’। বুঝতেই পারছেন জ্ঞানীগুণী মহলে এই বস্তুর ভক্তের অভাব নেই।

এই ফাস্টিং আসলে কীভাবে করে? ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো সবিরাম উপোস। এটি এমন একটি খাদ্যাভ্যাস যেখানে আপনি কী খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় বরং আপনি কোন সময়ে খাচ্ছেন আর কোন সময়ে খাচ্ছেন না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে জনপ্রিয় দুটো ইন্টারমিটেন্ট পদ্ধতি হলো ১৬ঃ৮ আর ৫ঃ২।

১৬ঃ৮ মানে হলো আপনি দিনের মধ্যে যেকোনো সময়, আপনার সুবিধা অনুযায়ী, ৮ ঘন্টা খাবেন আর বাকি ১৬ ঘন্টা কোনো রকম ক্যালরি গ্রহণ করতে পারবেন না। অনেকটাই আমাদের মুসলমানদের রোজা রাখার মতো। তবে ভয় নেই, আপনাকে একেবারে না খেয়ে থাকতে কেউ বলবে না, বরং চাইলে আপনি একেবারে লো ক্যালরি যুক্ত কিছু যেমন- ফলের ফ্লেভারযুক্ত পানি, শসা বা কম ক্যালরির যেকোনো ফল একেবারে অল্প পরিমাণে খেতে পারেন। ৫ঃ২ হলো সপ্তাহে ৫ দিন স্বাভাবিক জীবনযাপন করা এবং দুইদিন উপবাস থাকা। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ক্যারি ইনটেক যেন কোনোভাবেই আপনার ওজন কমানোর অন্তরায় না হয়ে যায়!

ওজন কমাতে কি আসলেই এটা কাজে দিবে?

মোটামুটি আমরা বুঝলাম যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ব্যাপারটা আসলে কী, এবার চলুন আরেকটু কাঁটাছেড়া করি পুরো জিনিসটাকে। জেনে নেই ঠিক কীভাবে এই প্রক্রিয়ায় আপনি ওজন কমাতে পারেন।

আমরা যেসব খাবার খাই, কার্বোহাইড্রেট বা প্রোটিন বা ফ্যাট যাই হোক, সেগুলোকে বডি দুইভাবে ভেঙে ফেলে। একভাগে থাকে গ্লুকোজ, এই গ্লুকোজ আমাদের দেহের সব কোষের মধ্যে যায় এবং অক্সিডেশনের মাধ্যমে সেখানে শক্তি দেয়। বলাবাহুল্য, সেই শক্তি দিয়েই আমরা কাজ করি। এখন ধরে নিন, আপনি খাবার বেশি খেয়েছেন বা যে পরিমাণ কাজ করলে আপনার প্রতিদিনের এনার্জি বার্ন হবে সেই পরিমাণে আপনি কাজ করেননি। তাহলে কী হবে? খুব স্বাভাবিকভাবেই শরীরে শক্তি জমা থাকবে। এখানে আসছে আমাদের দ্বিতীয় ভাগ, আমাদের শরীরে যত বাড়তি শক্তি আছে বা গ্লুকোজ আছে সেগুলোকে ফ্যাট আমাকে শরীরের বিভিন্ন জায়গায় মাংসপেশির নিচে জমিয়ে রাখে। আর আমরা মোটা হয়ে যাই এভাবেই!

এবার ভাবুন তো, যখন আমরা রমজান মাসে রোজা থাকি বা সারাদিনের একটা লম্বা সময় না খেয়ে থাকি তখন কই থেকে আসে আমাদের কাজ করার শক্তি? আর শুধু তো কাজ করার শক্তি নয়, বরং আমাদের হৃৎপিন্ড, ফুসফুস, ব্রেইন এসব ইন্টার্নাল অর্গানগুলোর নিজেদের কাজ চালিয়ে নিতেও তো শক্তি লাগে, তাই না? সেগুলো আসে কোথা থেকে? আমাদের শরীরে জমে থাকা ফ্যাট তখন প্রয়োজন অনুযায়ী গ্লুকোজে ভেঙে যায় এবং শক্তির জোগান দেয়। এভাবেই ইন্টারমিটেন্ট ফাস্টিং আমাদেরকে শক্তি দেয় এবং শরীরের জমানো ফ্যাটগুলোকে ভেঙে শরীরকে আরেকটু হালকা বানায়।

এই ফাস্টিং এর সুবিধা কী? 

কিছুটা আদ্যোপান্ত তো জানা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে, এবার চলুন জেনে নেওয়া যাক এটি কি শুধু ওজনই কমায় নাকি আরো কিছু উপকারও দেয় সে সম্পর্কে। এই ফাস্টিং এর সুবিধা-

  • আমাদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে
  • শরীরে ইনসুলিন প্রোডাকশন বাড়িয়ে দেয়, যার জন্য শরীরের অতিরিক্ত শর্করা ভেঙে যায়
  • রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে
  • স্ট্রেস হরমোন ক্ষরণ কমিয়ে দেয়
  • হরমোন ব্যালেন্সিং এর ক্ষেত্রে বেশ সাহায্য করে
  • স্কিনের গ্লো বাড়িয়ে দেয়ার ক্ষেত্রেও এর কিছুটা প্রভাব আছে বলে ধারণা করা হয়

কাদের জন্য এই ফাস্টিং নয়? 

ইন্টারমিটেন্ট ফাস্টিং এর প্রচুর উপকারী দিক থাকলেও এটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয়। কারা এই ফাস্টিং করতে পারবেন না চলুন জেনে আসি।

  • যারা অন্তঃসত্ত্বা হওয়ার চেষ্টা করছেন
  • গর্ভবতী নারী
  • স্তন্যদাত্রী
  • ডায়াবেটিস রোগী
  • নিম্ন ওজন আছে এরকম মানুষ
  • নিম্ন রক্তচাপ আছে এমন কেউ

ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সময়ে আপনার শরীর যেন কোনোভাবেই পানিশূন্যতায় না ভোগে এটা খেয়াল রাখা কিন্তু অবশ্য কর্তব্য! আর খাবার তালিকায় এই সময়টায় প্রসেসড ফুড আর বেশি ভাজাপোড়া জিনিস না রাখাই ভালো। এত সাধ করে যে ওজন কমানোর মিশনে নেমেছেন খেয়াল রাখবেন যেন নিজের ছোট ছোট ভুলের জন্য এই মিশনটা ব্যর্থ না হয়! আর সবচেয়ে ভালো হয় যদি কয়েকজন মিলে একসাথে এই মিশনে নামেন। আজকাল অনেকগুলো ফেইসবুক গ্রুপে এই ধরনের কার্যক্রম চলমান, আগ্রহী হয়ে একটু সার্চ করে যুক্ত হয়ে যেতে পারেন! সুস্থ থাকুন, ভালো থাকুন।

Diet Coke: এতদিন অনেকেই ভাবতেন, মদ খেলে লিভারের হয়। কিন্তু সেই একই রকমের ক্ষতি ডেকে আনতে পারে বোতলবন্দি ঠাণ্ডা পানীয়। সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত হওয়া ইউনাইটেড ইউরোপিয়ান গ্যাসট্রোএন্ট্রোলজির বার্ষিক কংগ্রেসে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তার ছত্রে ছত্রে রয়েছে বিস্ফোরক তথ্য

পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে নিশ্চয় আপনিও ঠাণ্ডা পানীয় খেয়েছেন? ক্লান্ত শরীরে যেন একরাশ এনার্জি যোগ করে বোতলবন্দি কালো-কমলা বা সাদা রঙের মিষ্টি ঠাণ্ডা পানীয়। কিন্তু জানেন কি, মাত্র এক বোতল বা ক্যানবন্দী ঠাণ্ডা পানীয় লিভারের জন্য কতটা ক্ষতিকারক? তা সে ‘ডায়েট’ কোল্ড ড্রিঙ্কস হোক বা সাধারণ ফুল ফ্যাট কোল্ড ড্রিঙ্কস! সম্প্রতি এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা চমকে দিয়েছে গবেষকদেরও। এতদিন মনে করা হত, যাঁরা অনেক বেশি পরিমাণে ঠাণ্ডা পানীয় পান করেন, তাঁদেরই লিভারের রোগ হওয়ার বেশি প্রবণতা থাকে, কিন্তু সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়েছে সাম্প্রতিক গবেষণা।

ব্রিটেনের এক নয়া গবেষণার প্রকাশিত রিপোর্ট বলছে, ঠাণ্ডা পানীয় পান করলে লিভারের ভিতর অতিরিক্তি চর্বি জমা হতে থাকে। যেখান থেকে MASLD বা ‘মেটাবলিক ডিস-ফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটটিক লিভার ডিজিজ’ জন্ম নেয়। এর সঙ্গে কম বা বেশি পরিমাণে ঠাণ্ডা পানীয় খাওয়ার যোগ নেই। মাত্র ২৫০ মিলিলিটারের ফিজি কার্বোনেটেড ড্রিঙ্কস লিভারের প্রাণঘাতী রোগ হওয়ার প্রবণতাকে এক ধাক্কায় ৬০ শতাংশ বাড়িয়ে দেয়।

১,২৩,০০০ ব্রিটিশ পূর্ণবয়স্কদের উপরে বৈজ্ঞানিকরা এই গবেষণা চালান। দেখা যায়, যাঁরা কোকা-কোলা পান করেন, তাঁদের লিভারের রোগ ধরা পড়ার প্রবণতা ৫০% বেশি। তাজ্জব করা বিষয়, সাধারণ ছেড়ে যাঁরা চিনি কম খাবেন বলে ডায়েট কোক বা স্প্রাইট জিরো পান করেছেন, তাঁদের MASLD হওয়ার সম্ভাবনা ৬০% বেশি। গবেষণার ফলাফল দেখে বৈজ্ঞানিকরা বলেছেন, বোতলের গায়ে ‘ডায়েট’ লেখা থাকলেই ঠাণ্ডা পানীয় স্বাস্থ্যকর, এই ধারণা টাই ভুল। এটা বিজ্ঞাপনী প্রচার মাত্র। গবেষকদের বক্তব্য, ‘স্বাস্থ্যসচেতন বহু মানুষই আজকাল ডায়েট কোল্ডড্রিঙ্কস খেয়ে ভাবেন, বোধহয় শরীরে চিনির মাতা ঠিক রাখলেন। কিন্তু ওই ডায়েট পানীয় খেয়ে যে লিভার শেষ হয়ে যাচ্ছে সেটা অনেকেরই অজানা।’

গবেষকরা বলছেন, আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব জুড়েই ঠাণ্ডা পানীয় গ্রহণের প্রবণতা বিপজ্জনক ও চিন্তার বিষয়। প্রতিদিন মাত্র এক ক্যান করে ‘লো’ বা ‘জিরো’ সুগারের সুইটেনড ড্রিঙ্কস প্রাণঘাতী লিভারের রোগ একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেয়। কিন্তু অনেকেই সেটা জানেন পর্যন্ত না! কৃত্রিম রাসায়নিক দিয়ে মিষ্টি বানানো পানীয় থেকে দূরে থাকাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, বলছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, তেষ্টা পেলে জল খান। জল মেটাবলিজম ঠিক রাখে ও লিভারের বাড়তি ফ্যাট ঝরিয়ে শরীরকে হাইড্রেটেড রাখে।

আসলে যে সব ঠাণ্ডা পানীয়ে চিনি থাকে, সেগুলি ব্লাড গ্লুকোজ ও ইনসুলিন লেভেলকে প্রভাবিত করে। এতে ওজন ও ইউরিক অ্যাসিড বাড়ে। কিন্তু নন সুগার ড্রিঙ্কস সরাসরি ‘গাট মাইক্রোবায়াম’-এ প্রভাব ফেলে। এতে লিভারের স্বাস্থ্য খারাপ হয়। ৭ অক্টবর বার্লিনে অনুষ্ঠিত হওয়া ইউনাইটেড ইউরোপিয়ান গ্যাসট্রোএন্ট্রোলজির বার্ষিক কংগ্রেসে এই রিপোর্ট পেশ করা হয়েছে। ব্রিটিশ লিভার ট্রাস্ট-এর অনুমান, প্রতি পাঁচজনের মধ্যে একজন আজ MASLD বা ‘মেটাবলিক ডিস-ফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটটিক লিভার ডিজিজ’-এ আক্রান্ত। যাঁর মধ্যে ৮০% আক্রান্ত জানেনই না যে তাঁদের লিভারের সমস্যা রয়েছে। ডায়াবেটিস বা ওজন বেশি থাকলে অবশ্যই লিভারের টেস্ট করানো উচিত, পরামর্শ চিকিৎসকদের। তাঁরা এও বলছেন, মানুষ ভাবেন শুধু মদ খেলে লিভারের ক্ষতি হয়। কিন্তু বাড়তি মেদ ও অনিয়ন্ত্রিত ব্লাড সুগার-ও শরীরের একইরকম ক্ষতি করে।

বাইরের তাপমাত্রা ৩০+ ডিগ্রী। সামনে এই তাপমাত্রা বেড়ে যাবে ৩৫-৩৭ এ। গ্রীষ্মের প্রচন্ড গরমে অতিষ্ট সবাই। বড়রা তো মেনে নিতে পারে, বাচ্চাদের জন্য মানিয়ে নেওয়া, বোঝা খুবই কষ্টের। এর মাঝে গরমের রোগ ব্যাধি তো আছেই। গরমের তীব্রতায় বাচ্চাদের খাবারের প্রতিও কোন আগ্রহ থাকে না। গ্রীষ্মের প্রচন্ড গরমে বাচ্চাদের খাবার রুটিনের গরমিল যেন নিত্য দিনের ব্যাপার।

গরমে বাচ্চারা কী খাবে, খাবারের ধরন কেমন হওয়া উচিত, কীভাবে তাদের ভালো রাখা যাবে এই নিয়ে বাবা মায়ের উৎকন্ঠার শেষ নেই। তাদের কিছুটা স্বস্তির জন্যই আমার আজকের লেখা।

গ্রীষ্মের প্রচন্ড গরমে শিশুর খাবার যেমন হতে হবে

৬ মাসের কম বয়সী বাচ্চাদের শুধুমাত্র ব্রেস্ট মিল্ক দিবেন যতোটা সম্ভব। আর্টিফিশিয়াল বা কৌটার দুধ এড়িয়ে চলবেন একেবারে ইমার্জেন্সি না হলে। গরমে বাচ্চাদের ডায়রিয়া, বদহজম, বিভিন্ন চর্মরোগ, সর্দি কাশি, নিউমোনিয়া হতে বেশি দেখা যায়। কাজেই শিশুদের খাবার এমন হতে হবে যেন তা থেকে রোগ সংক্রমণ না হয়।

এছাড়াও গরমে শিশুর খাবার তৈরির সময় আরও যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হলঃ

১) বাচ্চাদের খাবার হতে হবে সহজপাচ্য। সে হিসেবে নরম করে রান্না ভাত বা জাউ ভাত হতে পারে তাদের কমন খাবার। কম তেল মসলায় /পাঁচফোড়নে রান্না করা সবজি, আর পেঁপে লাউ, ঝিঙ্গা, শশা ইত্যাদি পানি জাতীয় সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল দেওয়া যেতে পারে।

২) বাসি খাবার, বাইরের খাবার, ভাজা পোড়া এগুলো পুরোদমে এড়িয়ে যেতে হবে। হালকা পুষ্টিকর খাবার যেমন সবজি দিয়ে নরম পাতলা খিচুড়ি (কম তেল মসলায়), সবজির স্যুপ, মাছ বা মাংসের পাতলা ঝোল দিতে পারেন। এছাড়া ফ্রিজের পানি সরাসরি পান করা থেকে বিরত রাখতে হবে।

৩) ফল বা ফলের জুস ইত্যাদি যতোটা দিতে পারেন ভালো। ডাবের পানি, লেবুর শরবত, তরমুজ, পেঁপে, জাম, জামরুল ইত্যাদি দেশীয় ফল শিশুকে খেতে দিন। একটু বড় বাচ্চা হলে খাবারের সাথে শশা, গাজর, লেবু দিতে পারেন। মাঝে মাঝে খাবারে রাখতে পারেন দই-চিড়া কলা।

৪) পানি পানের ক্ষেত্রে ফিল্টার পানি পান করাতে হবে। বাইরের খোলা শরবত যেন শিশু না খায়।

৫) প্যাকেট জাত খাবার, চিপস, কেক, চকলেট, আচার, বিস্কুট, দেওয়ায় সতর্ক থাকুন।

প্রচন্ড গরমে শিশুর বিশেষ যত্ন

১) যে ঘরে তাপমাত্রা একটু কম থাকে সে ঘরে বাচ্চাদের রাখতে হবে। এসি থাকলে Temperature ঠিক রাখবেন, যেন বেশি ঠান্ডা না হয় ঘর।

২) বাচ্চাদের নিয়মিত এক বা দুইবার গোসল করালে ভালো অনুভব করে। যেসব বাচ্চারা বেশি ঘামে, তাদের গা মাথা সুতি নরম কাপড় দিয়ে মুছে দিন।

৩) শিশুর প্রস্রাব ঠিকমতো হচ্ছে কিনা খেয়াল রাখুন, না হয় ইউরিন ইনফেকশন হতে পারে। বাচ্চারা যেন খেলা বা পড়ার ফাঁকে পানি পান করে সেটি লক্ষ্য রাখুন।

৪) বাচ্চাকে সুতি কাপড় পড়ানো সবচেয়ে ভালো, এতে করে ঘামাচি, চর্ম রোগ,র‍্যাশ কম হবে শরীরে।

৫) বাইরে বা স্কুলে পাঠানোর ক্ষেত্রে শিশুর জন্য উপযোগী সানস্ক্রিন লাগাতে পারেন। ছাতা, রুমাল, পানির বোতল দিতে ভুলবেন না।

এই টিপস গুলো মেনে চললে আশা করি গরমেও শিশুরা থাকবে সুস্থ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।